জয়া আহসানের ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলারে মুগ্ধ অমিতাভ বচ্চন

কলকাতা, ৪ জুলাই ২০২৫: বাংলাদেশের পাঁচবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানের নতুন ভারতীয় বাংলা সিনেমা ‘ডিয়ার মা’ আগামী ১৮ জুলাই কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পাওয়া সিনেমাটির ট্রেলার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ ও ভারতের দর্শকরা জয়া আহসানের অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন।

এরই মধ্যে চমক দিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। শুক্রবার সকালে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার শেয়ার করে লিখেছেন, “টনি দা, আমার শুভ কামনা সবসময়।” তিনি সিনেমাটির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীসহ পুরো টিমের জন্য শুভ কামনা জানিয়েছেন। এ বিষয়ে জয়া আহসান বলেন, “অমিতাভ বচ্চনের মতো একজন কিংবদন্তি যখন আমাদের সিনেমার ট্রেলার শেয়ার করেন, তখন এটি আমাদের জন্য বিশাল পাওয়া। এতে ‘ডিয়ার মা’ সিনেমার প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। ভীষণ ভালো লাগছে।” অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ মূলত মা ও মেয়ের সম্পর্কের একটি আবেগঘন গল্প। সিনেমাটির ট্যাগলাইন ‘রক্তের সম্পর্ক, না ভালোবাসার টান’ দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। প্রসঙ্গত, জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ নামে দুটি সিনেমা এবারের ঈদে বাংলাদেশে মুক্তি পেয়েছে, যা দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi