বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন, লিঙ্গবৈষম্য নিয়ে উঠল অভিযোগ

 
বলিউডের প্রথম সারির অভিনেত্রী কৃতি শ্যানন নিজের পরিশ্রম ও প্রতিভার জোরে শোবিজ জগতে নিজের জায়গা করে নিয়েছেন। তবে চকচকে আলো, লাল গালিচা আর ক্যামেরার ঝলকানির পেছনে লুকিয়ে থাকা লিঙ্গবৈষম্য নিয়ে এবার মুখ খুললেন তিনি। সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়ার পর কৃতি জানিয়েছেন, নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা এবং লিঙ্গবৈষম্য দূর করাই তার প্রধান লক্ষ্য।

ছোটবেলায় নাচ শেখার স্বপ্ন দেখতেন কৃতি। কিন্তু সমাজের বাঁধা-ধরা নিয়মের কারণে সেই স্বপ্ন পূরণে বাধা পান। পরিবারের প্রত্যাশা ছিল তিনি ঘর সামলাবেন, রান্নার কাজ করবেন। তবে মায়ের উৎসাহে শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ করেছেন তিনি। কৃতি বলেন, ‘আমার মা যা করতে পারেননি, সেটাই আমাকে এবং আমার বোনকে উৎসাহ দিয়েছে। মা সব সময় বলতেন, “তোমরা যা চাও তাই করো, স্বপ্ন পূরণের পথে পিছু হটবে না।”’

এক সাক্ষাৎকারে কৃতি বলিউডে লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘পুরুষ অভিনেতারা শুটিং সেটে ভালো গাড়ি, ভালো রুম পান। এগুলো শুধু গাড়ি বা রুম নয়, এর মাধ্যমে একটা বার্তা দেওয়া হয় যে মেয়েদের স্থান ছোট করে দেখা হচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘অভিনেত্রীদের শুটিংয়ের জন্য আগে ডাকা হয়, যেন তারা প্রস্তুত থাকেন। আমি নিজে গিয়ে সহকারী পরিচালকদের বলেছি, এভাবে করা ঠিক নয়। সবার জন্য একই নিয়ম থাকা উচিত। মানসিকতা বদলানো দরকার।’

উল্লেখ্য, কৃতিকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তিপ্রাপ্ত কমেডি ও থ্রিলার ঘরানার সিনেমা ‘ক্রু’-তে। এতে বিমান সেবিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সঙ্গে ছিলেন কারিনা কাপুর ও টাবু। ছবিটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi