দিনাজপুরের মেয়ে মৌরী মাহদীর নতুন সিনেমা ‘বিশ্বাস করেন ভাই’-এ দীপা চরিত্রে অভিনয়

দিনাজপুরের মেয়ে মৌরী মাহদী ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা আকর্ষণ অনুভব করতেন। শৈশবে কথায় কথায় কেঁদে ফেলা বা নাটকীয় ভঙ্গিতে কথা বলার অভ্যাসই যেন ছিল তার অভিনয়ের প্রাথমিক প্রস্তুতি। তিনি বলেন, ‘আম্মু সবসময় বলতেন, “তোর তো নাটক-সিনেমায় থাকা উচিত।” এই কথাই আমার অনুপ্রেরণার উৎস।’

ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এল.এল.এম সম্পন্ন করা মৌরী ২০১৯ সালে মিসেস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে প্রথম আলোচনায় আসেন। সেখানে তিনি সেরা ৬-এর মধ্যে জায়গা করে নেন। এরপর ফটোশুট, টিভিসি ও ওভিসির মাধ্যমে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন তিনি।

২০২২ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘বীরাঙ্গনা ৭১’। এবার তিনি নতুন সিনেমা ‘বিশ্বাস করেন ভাই’-এ অভিনয় করছেন দীপা চরিত্রে। রাইসুল ইসলাম অনিক পরিচালিত এই সিনেমায় কালো টাকা সাদা করার চক্রের গল্প উঠে এসেছে। মৌরীর সঙ্গে এতে অভিনয় করেছেন উজ্জল কবির হিমু, রফিকুল কাদের রুবেল, সায়রা আহমেদ, যোজন মাহমুদসহ আরো অনেকে।

সিনেমায় কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে মৌরী বলেন, ‘“বিশ্বাস করেন ভাই” সিনেমায় দর্শকরা আমাকে একটু ভিন্নভাবে দেখবেন। আমি চাই তাদের মনে জায়গা করে নিতে পারি।’ তিনি ভবিষ্যতে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চান।

সিনেমার গল্প সম্পর্কে তিনি বলেন, ‘গল্পটা মূলত সমাজে কালো টাকা সাদা করার চক্রকে ঘিরে। এটি কোনো রোমান্টিক সিনেমা নয়। এখানে নায়ক-নায়িকা বলে আলাদা করে কাউকে সম্বোধন করা যায় না। গল্পে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে, তার মধ্যে একটি দীপা, যেটি আমি করেছি। প্রতিটি চরিত্রেরই আলাদা গুরুত্ব রয়েছে। দর্শকরা একটি সিরিয়াস ও বাস্তবধর্মী গল্প দেখতে পাবেন।’

বর্তমানে মৌরী সরকার রওনক রিপনের নতুন ফিচার ফিল্ম ‘দেউরি’-তে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। মিডিয়াতে নিজের পথচলা সম্পর্কে তিনি বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে প্রচুর ধৈর্যের প্রয়োজন।’

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi