শিল্পা শেঠির জনপ্রিয় রেস্টুরেন্ট ‘বাস্টিয়ান’ বন্ধের ঘোষণা, প্রতারণার অভিযোগের মধ্যেই সিদ্ধান্ত

 বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তাঁর পরিবার বর্তমানে কঠিন সময় পার করছেন। তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার কয়েক সপ্তাহ পর এবার শিল্পা ঘোষণা দিয়েছেন যে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর জনপ্রিয় রেস্টুরেন্ট ‘বাস্টিয়ান’ বন্ধ হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর, ২০২৫) শিল্পা ইনস্টাগ্রামে একটি নোট পোস্ট করে ভক্তদের এই খবর জানান। তিনি লিখেছেন, ‘এই বৃহস্পতিবার একটি যুগের অবসান হতে চলেছে। মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় গন্তব্য বাস্টিয়ান বান্দ্রা বিদায় নিচ্ছে। এখানে আমরা অসংখ্য স্মৃতি, অবিস্মরণীয় রাত এবং শহরের নৈশজীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত কাটিয়েছি। এখন সেটি বিদায়ের পালা।’

তিনি আরও লিখেছেন, ‘এই বিশেষ জায়গার প্রতি সম্মান জানাতে আমরা একটি বিশেষ রাতের আয়োজন করছি, যেখানে থাকবে স্মৃতিচারণ, উচ্ছ্বাস আর জাদু। যদিও বাস্টিয়ান বান্দ্রা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের বৃহস্পতিবার রাতের আয়োজিত অনুষ্ঠান ‘আর্কেন অ্যাফেয়ার’ বাস্টিয়ান অ্যাট দ্য টপ-এ নতুন অধ্যায়ে নতুন অভিজ্ঞতা নিয়ে চলবে।’

২০১৬ সালে প্রতিষ্ঠিত বাস্টিয়ান রেস্টুরেন্টটি বিশেষ করে সী-ফুড পরিবেশনের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল। এটি শিল্পা শেঠি ও রঞ্জিত বিন্দ্রার যৌথ মালিকানাধীন। রেস্টুরেন্ট বন্ধের এই ঘোষণা এসেছে রাজ কুন্দ্রা ও শিল্পার বিরুদ্ধে প্রতারণার অভিযোগের পরপর। কয়েক সপ্তাহ আগে অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইওডব্লিউ) তাঁদের বিরুদ্ধে ৬০.৪ কোটি রুপি বা প্রায় ৮৩ কোটি টাকার প্রতারণার মামলা দায়ের করে। অভিযোগকারী দীপক কোঠারি দাবি করেছেন, তিনি ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসা সম্প্রসারণের নামে টাকা দিয়েছিলেন, কিন্তু তা ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়েছে।

এই অভিযোগের জবাবে শিল্পা ও রাজ কুন্দ্রার আইনজীবী প্রাশান্ত পাতিল বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তাঁর মতে, ‘এটি একটি পুরনো লেনদেন, যেখানে কোম্পানি আর্থিক সংকটে পড়ে এবং এনসিএলটির আইনি জটিলতায় আটকে যায়। এখানে কোনো অপরাধ নেই।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি ধাপে আমরা কাগজপত্র ও আর্থিক বিবরণ জমা দিয়েছি। এই মামলা শুধুমাত্র শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে হেয় করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছে।’

শিল্পা শেঠির রেস্টুরেন্ট ‘বাস্টিয়ান’-এর বন্ধের ঘোষণা এমন এক বিতর্কিত সময়ে এসেছে, যখন তিনি ও তাঁর পরিবার ইতিমধ্যেই আইনি ও আর্থিক জটিলতার মধ্যে রয়েছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi