মধুমিতা সরকারের ছোট পর্দায় প্রত্যাবর্তন: ‘ভোলেবাবা পার করেগা’য় র‍্যাপারের ভূমিকায়

 টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বড় পর্দা ও ওয়েব সিরিজে সাফল্যের পর ফের ছোট পর্দায় ফিরে এসে আলোচনার কেন্দ্রে। দীর্ঘ বিরতির পর তার এই প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে নতুন উন্মাদনা ছড়িয়েছে। ইতোমধ্যে প্রকাশিত নতুন ধারাবাহিকের প্রোমোতে স্পষ্ট, এবার ভিন্ন রূপে হাজির হচ্ছেন মধুমিতা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’য় মধুমিতাকে দেখা যাবে একজন র‍্যাপারের চরিত্রে। প্রোমোতেই তার এই নতুন লুক ফুটে উঠেছে। ধারাবাহিকটি একটি সাধারণ পরিবারের মেয়ের গায়িকা হয়ে ওঠার অদম্য ইচ্ছার গল্প তুলে ধরবে।

তবে প্রোমো প্রকাশের পর দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ধারাবাহিকের নাম পছন্দ করেননি, আবার কেউ মধুমিতার নতুন লুক নিয়ে সমালোচনা করেছেন। তবে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, তারা মধুমিতাকে এই নতুন চরিত্রে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন।

প্রোমো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও সবার নজর এখন ধারাবাহিকটির সম্প্রচার শুরুর দিকে। মধুমিতার এই নতুন প্রকল্প দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, তা এখন দেখার অপেক্ষা।

উল্লেখ্য, মধুমিতা সরকার স্টার জলসার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’য় পাখি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরপর তাকে শেষ দেখা গেছে একই চ্যানেলের আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম দোলা’য়।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi