সাদিয়া জাহান প্রভার বড় পর্দায় অভিষেক, একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায়

 দেশীয় বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। আর ফেরা মাত্রই সুখবর—একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী।

এর মধ্যে একটি সিনেমার নাম ‘দুই পয়সার মানুষ’। এটি পরিচালনা করছেন ঝুমুর আসমা জুঁই। জানা গেছে, এ সিনেমার এক দিনের শুটিং ইতোমধ্যে শেষ করেছেন প্রভা। খুব শিগগিরই শুরু হবে দ্বিতীয় লটের কাজ। এতে প্রভার সহশিল্পী হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা এ বি এম সুমন।

অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প অবলম্বনে নির্মিতব্য ‘দেনা পাওনা’ সিনেমার শুটিং শুরু হয়েছে গতকাল শনিবার, গাজীপুরের হোতাপাড়ায়। সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। এতে নিরুপমা চরিত্রে দেখা যাবে প্রভাকে। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা নিয়ে প্রভা বলেন, “এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে বলে মিলেনি। এমনও হয়েছে, সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি, আবার পারিবারিক কারণেও করতে পারিনি। যে সিনেমাগুলো তখন মিস করেছি, সেগুলোর একটি দেশজুড়ে আলোড়ন তুলেছিল। সেই সিনেমার গান এখনো মানুষের মুখে মুখে।”

তিনি আরও বলেন, “অনেক আগেই এই দুটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। তবে আগেভাগে জানাতে চাইনি—পলিটিক্সের ভয় ছিল। এবার শুটিংয়ে অংশ নিয়েই দর্শকদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিচ্ছি। দুটি সিনেমাতেই দর্শক আমাকে নতুন চরিত্রে দেখতে পাবেন।”

টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে জনপ্রিয়তা পাওয়া প্রভার এই নতুন যাত্রা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ জাগিয়েছে। এখন শুধু অপেক্ষা বড় পর্দায় তার অভিষেক দেখার।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi