টালিউড তারকা অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে ঝড়: বিষণ্ণতা ও আইনি জটিলতার ছায়া

 এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কের বন্ধনে আবদ্ধ টালিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। বড় পর্দায় একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকদের মন জয় করেছেন তারা। আগামী বছরের সরস্বতী পূজায় মুক্তি পেতে চলেছে তাদের নতুন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’। এদিকে, ঐন্দ্রিলা সেন নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি একটি রিয়্যালিটি শোর মাধ্যমে তিনি ছোটপর্দায় ফিরেছেন। কিন্তু ব্যস্ততার মাঝেও কি বিষণ্ণতার ছায়া পড়েছে তার জীবনে? হঠাৎ কেন তিনি যন্ত্রণা ও বিষাদের কথা জানালেন? ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন, তবে কি সবার আড়ালে কষ্টে দিন কাটাচ্ছেন অঙ্কুশ হাজরার প্রেমিকা?

ঐন্দ্রিলার সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি দেখে ভক্ত থেকে নেটিজেন, সকলেই উদ্বিগ্ন। তিনি একটি ইংরেজি উদ্ধৃতি শেয়ার করেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়— “যে মেয়েটি বলে সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে, তার আড়ালে লুকিয়ে থাকে আরেক মেয়ে, যে বুঝতেই পারে না—সে কী এমন ভুল করেছিল যে এত যন্ত্রণা আর বিষাদ তার প্রাপ্য হলো।” এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন, ঐন্দ্রিলা হয়তো মানসিকভাবে কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

অন্যদিকে, অঙ্কুশ হাজরাও পড়েছেন আইনি জটিলতায়। জানা গেছে, একটি বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনি বিপাকে। ওই অ্যাপের প্রচারের কারণেই তিনি আইনি সমস্যায় জড়িয়েছেন বলে খবর। আগামী ১৬ সেপ্টেম্বর তাকে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) সামনে হাজিরা দিতে বলা হয়েছে। এ বিষয়ে অঙ্কুশ এখনও কোনো মন্তব্য করেননি।

এই তারকা জুটির জীবনে উঠে আসা এই ঝড় কীভাবে সামলাবেন তারা, তা নিয়ে এখন চর্চা চলছে ভক্তমহলে। সবাই অপেক্ষায়, কবে মুখ খুলবেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi