জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ খানকে ফিফা প্রেসিডেন্টের শুভেচ্ছা

 ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। রোববার (৩ আগস্ট) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি এই শুভেচ্ছা জানান।

ইনফান্তিনো তার পোস্টে লিখেছেন, “‘জওয়ান’ সিনেমার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় শাহরুখ খানকে অভিনন্দন।” তিনি জানান, পোস্ট করা ছবিটি কিছুদিন আগে একটি চলচ্চিত্র মুক্তি অনুষ্ঠানের পরে তোলা। তিনি বলেন, “এটি ছিল একটি আনন্দদায়ক সাক্ষাৎ। তিন দশকেরও বেশি সময় ধরে মানুষের মনোরঞ্জন এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য শাহরুখ যা করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।” এই পোস্টে প্রায় সোয়া লাখ প্রতিক্রিয়া জানিয়েছেন ইনফান্তিনোর অনুসারীরা।

বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করলেও শাহরুখ খান এর আগে কখনো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। বিশ্বজুড়ে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করলেও এই পুরস্কার তার জন্য ছিল অধরা। এবার প্রথমবারের মতো তিনি এই সম্মান অর্জন করতে যাচ্ছেন। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি।

পুরস্কার ঘোষণার পর শাহরুখ খান সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা শেয়ার করে তার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “আমি কৃতজ্ঞতা, গর্ব ও বিনয়ের সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। জাতীয় পুরস্কারে ভূষিত হওয়ার এই মুহূর্ত আমি সারাজীবন মনে রাখব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা মনে করেছেন আমি এই সম্মানের যোগ্য, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।” তিনি তার ভক্ত, সিনেমার পুরো টিম, পরিবার এবং সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi