ইমন চক্রবর্তীর অতীত প্রেমের গল্প: পডকাস্টে উঠে এলো জীবনের অজানা অধ্যায়

 |ভারতের জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী সম্প্রতি সবাইকে চমকে দিয়ে তার অতীত প্রেম ও ব্যক্তিগত জীবনের অজানা গল্প অকপটে প্রকাশ করেছেন। মেখলা দাসগুপ্তর পডকাস্ট ‘লেটস টক উইথ মেখলা’-তে অংশ নিয়ে তিনি প্রেম, প্রাক্তন এবং জীবনের নাটকীয় অভিজ্ঞতার কথা খোলাখুলি শেয়ার করেছেন।

পডকাস্টে ইমন বলেন, “প্রতিটি প্রেম থেকে আমি অনেক কিছু শিখেছি। প্রেমের কারণে যখন নতুন মানুষ আমার জীবনে এসেছেন, তারা আমাকে আজকের এই ইমন হতে সাহায্য করেছেন। তাই আমি তাদের অনেকটা কৃতিত্ব দিই। প্রতিটি সম্পর্কে ভালো-মন্দ দুই-ই থাকে। তবে দুজনের দম বন্ধ করে থাকার চেয়ে মুক্ত বাতাসে উড়ে বেড়ানো আমার কাছে বেশি ভালো লেগেছে।”

তিনি আরও জানান, “যারা আমার জীবনে এসেছেন, তাদের ধন্যবাদ। তারা সবাই সংগীত জগতের মানুষ ছিলেন, তাই তাদের চিন্তাভাবনা ও জীবনদর্শন আলাদা ছিল। তাদের সঙ্গে থেকে আমি গানের ক্ষেত্রেও বিবর্তিত হয়েছি।”

প্রাক্তনদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে ইমন বলেন, “তোমরা জীবনে ভালো আছো দেখে আমারও ভালো লাগে। আমিও জগন্নাথের আশীর্বাদে সুখে আছি। সবাই যেন সুস্থ ও ভালো থাকতে পারি, সেটাই চাই।”

ইমনের জীবনের অন্যতম আলোচিত সম্পর্ক ছিল গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বয়সের ব্যবধান, পারিবারিক এবং ব্যক্তিগত কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে ইমন নীলাঞ্জন ঘোষের সঙ্গে সংসার করছেন।

গানের পাশাপাশি ইমন নিয়মিত প্লেব্যাক গানে অংশ নিচ্ছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মান তার ঝুলিতে রয়েছে। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে বিচারকের ভূমিকায় দেখা গেছে তাকে। তার এই অকপট স্বীকারোক্তি ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi