মায়ের জন্মদিনে তিরুমালা মন্দিরে পূজা, সঙ্গে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা

 
প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিনে প্রতি বছরের মতো এবারও তিরুমালা মন্দিরে পূজা দিতে গেলেন তার বড় মেয়ে ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। মায়ের আত্মার শান্তি কামনায় প্রতি বছরই এই পূজা দেন তিনি। তবে এবার জাহ্নবী একা ছিলেন না—তার সঙ্গে ছিলেন আসন্ন ছবি পরম সুন্দরী-এর সহ-অভিনেতা ও নায়ক সিদ্ধার্থ মালহোত্রা।

শ্রীদেবী না থাকলেও মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বরাবরের মতোই প্রকাশ করেছেন জাহ্নবী। মায়ের জন্মদিনে পূজা দিতে যাওয়ার এই অভ্যাস থেকে তিনি কখনোই বিরত হননি। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। অভিনেত্রী ও সিদ্ধার্থের মন্দিরে যাওয়ার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে অনুরাগীদের উচ্ছ্বাস ছড়িয়েছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরম সুন্দরী সিনেমার ট্রেলার। এতে দুই ভিন্ন রাজ্যের দুই চরিত্রের গল্প দেখানো হয়েছে, যাদের মধ্যে সাংস্কৃতিক ও ব্যক্তিগত নানা পার্থক্য থাকলেও হঠাৎ দেখা হওয়ার পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভালোবাসার টানাপোড়েন ও দূরত্বের গল্প নিয়েই এগোবে সিনেমাটি। দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমার মুক্তির জন্য।

তিরুমালা মন্দিরে যাওয়ার পথে সিদ্ধার্থ মজার ছলে একটি ব্লগ ভিডিও করেন। সেখানে তিনি বলেন, “হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি তিরুপতি মন্দিরে।”

তৎক্ষণাৎ জাহ্নবী ভুল শুধরে দেন—“তিরুপতি নয়, তিরুমালা।”

সিদ্ধার্থ জানান, এটি তার প্রথম তিরুমালা দর্শন। “জাহ্নবী প্রতি বছর এখানে আসে, তবে এ বছর আমাকে আমার ‘সুন্দরী’ এখানে নিয়ে এসেছে। আমাদের পরম সুন্দরী সিনেমার জন্য আমরা সবটা উজাড় করে দিয়েছি। আপনাদের ভালো লাগার জন্যই এত পরিশ্রম।”

তিনি আরও বলেন, ট্রেলার ও গান প্রকাশের পর দর্শকদের ভালোবাসা পেয়েছেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

উল্লেখ্য, বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী ১৯৬৩ সালের ১৩ আগস্ট জন্মগ্রহণ করেন এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ৫৪ বছর বয়সে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi