তাণ্ডব-বরবাদ সিনেমার পাইরেসি নিয়ে মামুনের চাঞ্চল্যকর দাবি


গত দুই ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘বরবাদ’ এবং ‘তাণ্ডব’ প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছিল। তবে মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে এই দুই সিনেমার মাস্টারপ্রিন্ট কপি অনলাইনে ছড়িয়ে পড়ায় পাইরেসির ছোবলে থমকে যায় এদের সাফল্যের ধারা।

এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এমনকি ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির অভিযোগে টিপু সুলতান নামে একজনকে গ্রেপ্তারও করা হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা দুটির নির্মাতা অনন্য মামুন চাঞ্চল্যকর দাবি করে বলেন, এই পাইরেসির পেছনে সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই হাত রয়েছে।

মামুন ব্যাখ্যা করে বলেন, “‘তাণ্ডব’ ও ‘বরবাদ’ সিনেমার ঘটনাকে আমি সাধারণ পাইরেসি বলতে চাই না। পাইরেসি বলতে আমরা বুঝি, থিয়েটারে তৃতীয় কোনো ডিভাইসের মাধ্যমে ছবি ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া। কিন্টু এই দুই সিনেমার ক্ষেত্রে তেমন কিছু দেখিনি। এই ছবিগুলোর মাস্টারপ্রিন্ট, যা এইচডিরও উপরে মানের, তা ছড়িয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, “মাস্টারপ্রিন্ট কেবল সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মাধ্যমেই ফাঁস হতে পারে। পাইরেসির লাভ কী? আগে পাইরেসিতে কলকাতা হারবালের মতো বিজ্ঞাপন থাকতো, যা থেকে আয় হতো। কিন্তু এখন এই আয় দ্বিগুণ হয়েছে, কারণ এতে বিদেশি অনলাইন ক্যাসিনোর বিজ্ঞাপন যুক্ত হচ্ছে। এর মানে বড় ডিলের মাধ্যমে মাস্টারপ্রিন্ট বিক্রি হচ্ছে।”

মামুনের দাবি, “হয়তো প্রোডাকশন হাউজের কেউ এটি বিক্রি করেছে, নয়তো ডিস্ট্রিবিউশনের জন্য তৃতীয় কোনো পক্ষের হাতে সিনেমা দেওয়ার সময় এটি ফাঁস হয়েছে।” তিনি আরও যোগ করেন, “বলিউডেও পাইরেসি হয়, তবে সেগুলো হলপ্রিন্ট। কিন্তু ‘তাণ্ডব’ ও ‘বরবাদ’-এর মতো মাস্টারপ্রিন্ট ফাঁসের ঘটনা বিশ্বের আর কোথাও আমার জানা নেই।”

এই ঘটনা বাংলা চলচ্চিত্র শিল্পে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং সিনেমা নির্মাণ ও বিতরণ প্রক্রিয়ায় আরও কঠোর নিরাপত্তার প্রয়োজনীয়তা উঠে এসেছে।


0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi