'কাঁটা লাগা' খ্যাত শেফালি জারিওয়ালার মৃত্যুতে ভেঙে পড়েছেন স্বামী পরাগ ত্যাগী, ঘরের দেয়ালে স্ত্রীর শত ছবি

 এক সময়ের জনপ্রিয় মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ দিয়ে সারা ভারত কাঁপানো অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু বলিউডে শোকের ছায়া ফেলেছে। ৪২ বছর বয়সে তার হঠাত চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বামী পরাগ ত্যাগী। স্ত্রীর স্মৃতিকে ধরে রাখতে নিজের ঘরের প্রতিটি দেয়ালে টাঙিয়েছেন শেফালির অসংখ্য ছবি। যেন স্ত্রীর হাসিমাখা মুখ আর স্মৃতি দিয়েই বেঁচে আছেন তিনি, আর তাতেই খুঁজে নিচ্ছেন খানিক স্বস্তি।

বলিউড সূত্রে জানা গেছে, শেফালির মৃত্যু হৃদরোগ নাকি উচ্চ রক্তচাপজনিত জটিলতা থেকে হয়েছে, সেটি এখনও নিশ্চিত নয়। তবে এ মৃত্যুর ক্ষত তার স্বামী পরাগ ত্যাগীর জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। ভারতীয় এক সংবাদমাধ্যমে তিনি বলেছেন, “শেফালি ছাড়া প্রতিটি দিন অসহনীয় হয়ে উঠছে। মাত্র কিছুদিন আগেও, ২৭ জুনের আগের রাতে সে ছিল আমার পাশে, পরদিন সকালেই সে নেই—এই বাস্তবতা কিছুতেই মেনে নিতে পারছি না।”

পরাগ আরও জানান, তাদের সংসার ছিল ছোট্ট, নিঃশব্দে সুখের। পরিবারে ছিল কেবল তারা দুজন আর প্রিয় পোষা কুকুর সিম্বা। এখন সেই ঘরটাই যেন শুন্য, প্রাণহীন। স্ত্রীর মৃত্যুর পর সামাজিক মাধ্যমে শেফালির সঙ্গে কাটানো স্মৃতিময় মুহূর্তগুলো শেয়ার করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি নিজের বাড়ির অন্দরমহলের একটি ছবি পোস্ট করে পরাগ ত্যাগী লেখেন,
“আমি হয়তো তোমাকে জড়িয়ে ধরতে পারব না, কিন্তু তুমি আমার হৃদয়ে আছ। আমার চোখের সামনেও থাকবে সবসময়। চেষ্টা করছি এই শূন্যতার সঙ্গে মানিয়ে নিতে। আমার পরী সবসময় আমার চারপাশে আছে। আমার প্রতিটি দেহকোষে তুমি মিশে আছো। সবাই ওর জন্য প্রার্থনা করুন।”

প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়া এই অভিনেতার প্রতি শোক ও সহমর্মিতা জানাচ্ছেন ভক্তরা। শেফালির আকস্মিক মৃত্যু বলিউডে এক অপূরণীয় ক্ষতির স্মারক হয়ে রইল।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi