শাকিব খানের ২৬ বছরের পথচলা: ‘লাভ আজকাল’ থেকে ‘প্রিয়তমা’, নতুন লুকে উঠে এলেন ‘শাকিব ২.০’

 ঢাকাই সিনেমার সুপার হিরো শাকিব খান তার অফিসিয়াল ইনস্টাগ্রামে ১১ বছর আগে মুক্তি পাওয়া ‘লাভ আজকাল’ সিনেমার একটি লুক এবং সাম্প্রতিক একটি লুক শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন। সঙ্গে নিজের ২৬ বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন একটি বার্তা লিখেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) এই দুটি লুক পোস্ট করে শাকিব লিখেছেন, “গত ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে। হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে। যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি। এই পথচলাতে আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর সেই গল্পটা এখনও চলছে… প্রতিটি অধ্যায়ে যেন এক নতুন আমি।”

দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় রাজত্ব করছেন শাকিব খান। করোনার পর তিনি নতুন রূপে দর্শকদের সামনে এসেছেন, যাকে অনেকে ‘শাকিব খান ২.০’ হিসেবে অভিহিত করছেন। ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে তিনি সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স—সব শ্রেণীর দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এরপর ‘প্রিয়তমা’, ‘তুফান’ ও ‘বরবাদ’ সিনেমাগুলো দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে।

শাকিব খান শিগগিরই ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করবেন, যা ঈদ ছাড়া মুক্তি পাবে। এরপর ঈদুল ফিতর উপলক্ষে ‘প্রিন্স’ নামে আরেকটি সিনেমার শুটিং করবেন তিনি।

শাকিবের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার ক্যারিয়ারের ধারাবাহিকতা, শৃঙ্খলা এবং নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা ভক্তদের মুগ্ধ করেছে। ঢাকাই সিনেমার এই ‘কিং’ আগামী দিনেও দর্শকদের মন জয় করতে প্রস্তুত বলে মনে করছেন ভক্তরা।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi