শাকিব খানের নতুন সিনেমায় নায়িকা তানজিন তিশা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সেপ্টেম্বরে শুরু হবে ছবিটির শুটিং, যদিও নাম এখনো চূড়ান্ত হয়নি। সিনেমাটি পরিচালনা করবেন বিজ্ঞাপন ও নাটক নির্মাণে অভিজ্ঞ সাকিব ফাহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

শুটিংয়ের বড় অংশ হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে। আর নায়িকা নিয়ে এতদিন নানা গুঞ্জন থাকলেও অবশেষে নিশ্চিত হওয়া গেছে, শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মৌখিকভাবে সবকিছু ঠিক হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল, সিনেমায় শাকিবকে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে দেখা যাবে। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি সরাসরি সেনা কর্মকর্তা নন। বরং তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের হয়ে একের পর এক গোপন অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।

গল্পে বাস্তব ঘটনার ছোঁয়া থাকবে, সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট ও নাটকীয়তার মিশ্রণ। পাশাপাশি দর্শকরা উপভোগ করবেন রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্য। বড় পর্দায় উঠে আসবে গোয়েন্দা সংস্থার অবদান ও কর্মকাণ্ডও।

পরিচালক সাকিব ফাহাদের জন্য এটি হবে বড় পর্দায় প্রথম অভিজ্ঞতা। জানা গেছে, সেপ্টেম্বরে শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যে একযোগে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi