হিমির ছবি ব্যবহারে বিতর্ক, লেজার ভিশনের ক্ষমা প্রকাশ

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে ফটোকার্ডে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ পোস্ট করার অভিযোগ উঠেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের বিরুদ্ধে। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন হিমি। পরে পোস্টটি সরিয়ে দুঃখ প্রকাশ করেছে লেজার ভিশন।

গত রোববার (১৭ আগস্ট) রাতে ফেসবুকে লেজার ভিশনের উদ্দেশে হিমি লিখেছেন, “আপনাদের ভিউ/ডলারের দরকার হলে ভালো নাটক বানান। নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে কুরুচিপূর্ণ মনগড়া জোকস লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে। আমি কোনো নাটকে এ ধরনের ডায়ালগ বলিনি। আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে। একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।”

হিমির এই পোস্ট শেয়ার করে লেজার ভিশনের দৃষ্টি আকর্ষণ করেন অভিনেতা নিলয় আলমগীর। এরপর বিতর্কিত পোস্টটি ডিলিট করে ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করে লেজার ভিশন। হিমি ও নিলয়কে ট্যাগ করে তারা লিখেছে, “আমরা লেজার ভিশন সব সময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি। সব শিল্পী–কলাকুশলীকে আমরা সম্মানের চোখে দেখি। সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী হিমি, আপনি আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন, তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের ভুল আর কখনো হবে না।”

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হিমির এই পদক্ষেপ অনেকে প্রশংসা করলেও, কেউ কেউ প্রযোজনা প্রতিষ্ঠানের দ্রুত ক্ষমা প্রকাশকে ইতিবাচক হিসেবে দেখছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi