‘ধূমকেতু’র বিশেষ প্রদর্শনীতে আবেগে ভাসলেন দেব, ভাইরাল হলো অশ্রুসিক্ত মুহূর্ত

 টলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দেবের নতুন ছবি ‘ধূমকেতু’ বক্স অফিসে ঝড় তুলেছে। তবে ছবির বিশেষ প্রদর্শনীতে ঘটে গেছে এক বিরল ঘটনা। নিজের সাফল্য পর্দায় দেখে আবেগে ভেসে গিয়ে অশ্রুসিক্ত হয়েছেন দেব। দর্শক-ভক্তদের উল্লাসের মাঝে এই তারকার আবেগময় মুহূর্ত যেন ‘দেশু’ জুটির জাদুতে সবার হৃদয় ছুঁয়েছে।

গত শনিবার (২৩ আগস্ট) ছবির বিশেষ প্রদর্শনীতে প্রেমিকা রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন দেব। ছবির শেষ দৃশ্যে শুভশ্রীর সঙ্গে নিজের নানা মুহূর্তের কোলাজ পর্দায় ভেসে উঠতেই তিনি আবেগ ধরে রাখতে পারেননি। টলিউড অনলাইনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, দেবের চোখ ভিজে উঠছে। মুহূর্তের মধ্যে এই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়, যা দেখে নেটিজেনরাও আবেগে ভেসেছেন।

উল্লেখ্য, দেব ও শুভশ্রী জুটি একসময় শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও সম্পর্কে ছিলেন। যদিও টলিউডের এই ‘ওপেন সিক্রেট’ বিচ্ছেদে শেষ হয়। ‘ধূমকেতু’ তাদের বিচ্ছেদের পর প্রথম ছবি। এরপর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া তাদের একসঙ্গে আর দেখা যায়নি। তবে ছবির ট্রেলার লঞ্চ ইভেন্টে দর্শকদের আশা পূরণ হয়। হাসিমুখে মঞ্চে একসঙ্গে দাঁড়িয়েছিলেন দেব ও শুভশ্রী। এছাড়া মুক্তির আগের দিন বড়মা মন্দিরে রং মিলান্তির আচারেও একসঙ্গে ধরা দেন তারা।

দর্শকদের কাছে ‘ধূমকেতু’ শুধু একটি ছবি নয়; বরং এক দশক পর দেব-শুভশ্রী জুটির পুনর্মিলনের ইতিহাসের সাক্ষী। এই ছবি ও দেবের আবেগময় মুহূর্ত টলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi