গোবিন্দর ফিরিয়ে দেওয়া ছবিই অনিল কাপুরের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট

 বলিউডে অনেক তারকাই ক্যারিয়ারের কোনো পর্যায়ে এমন কিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দেন, যা পরবর্তীতে ব্লকবাস্টার হিট হয়। পরে অনেকেই সেই সিদ্ধান্তে আফসোস করেন। এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। তিনি ফিরিয়ে দিয়েছিলেন সুভাষ ঘাই পরিচালিত ১৯৯৯ সালের ব্লকবাস্টার ‘তাল’-এর প্রস্তাব, যা পরবর্তীতে অনিল কাপুরের ক্যারিয়ারের অন্যতম সফল ছবিতে পরিণত হয়।

গোবিন্দ তার ক্যারিয়ারে কমেডি, অ্যাকশন, রোমান্স থেকে শুরু করে সিরিয়াস চরিত্রেও একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে খুব কম মানুষই জানেন, ‘তাল’ ছবিতে অনিল কাপুরের চরিত্রটি প্রথমে অফার করা হয়েছিল তাকে। কিন্তু সে সময় তিনি ‘হাসিনা মান জায়েগি’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় প্রস্তাবটি ফিরিয়ে দেন।

আইএমডিবি’র তথ্যানুসারে, চরিত্রটির জন্য প্রথমে আমির খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি রাজি হননি। এরপর প্রস্তাব যায় গোবিন্দর কাছে, সেখান থেকেও না হওয়ায় শেষ পর্যন্ত চরিত্রটি পান অনিল কাপুর। আর সেটিই হয়ে ওঠে তার ক্যারিয়ারের এক বড় টার্নিং পয়েন্ট।

ঐশ্বরিয়া রাই, অনিল কাপুর ও অক্ষয় খান্না অভিনীত ‘তাল’ মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পায়। শুধু তাই নয়, এ ছবির গানও ব্যাপক জনপ্রিয় হয়, যা আজও শ্রোতাদের কাছে সমানভাবে প্রিয়।

১৫ কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি টাকা আয় করে। গোবিন্দর ফিরিয়ে দেওয়া সেই ছবিই অনিল কাপুরকে এনে দেয় বক্স অফিসে সুপারহিট ও ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi