আফরান নিশোর সহজ-সরল জীবনের গল্প, আসছে ওয়েব সিরিজ ‘আঁকা’

দীর্ঘদিনের বিরতির পর আবারও অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘আঁকা’-তে অভিনয়ের মাধ্যমে তার এই প্রত্যাবর্তন। সিরিজটি মুক্তি পাবে আগামী ৪ সেপ্টেম্বর, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে। এতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন নাবিলা।

সিরিজ মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দর্শনের কথা অকপটে তুলে ধরেছেন নিশো। আলো-ঝলমলে শোবিজ জগতের একজন পরিচিত মুখ হয়েও তিনি এখনও খুঁজে নেন সাধারণ জীবনের স্বাদ।

নিশোর ভাষায়, "এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের উপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খাল-বিল রয়েছে, সেখানে করি।"

সাধারণ জীবন বেছে নেওয়ার কারণ জানাতে গিয়ে নিশো বলেন, "আমার কাছে এগুলো কুসংস্কার লাগে। আমি সিম্পল থাকি, এটা আমার স্টাইল। নিজেকে এভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি। দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাইবো, আমার যত যোগ্যতা বাড়বে আমি ততো গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান, তাদের কাছাকাছি পৌঁছাবো।"

নায়ক হিসেবে অতিরিক্ত হাইপ ও প্রটোকল নিয়ে চলাফেরাকে একেবারেই অপ্রয়োজনীয় বলে মনে করেন তিনি। "হিরো বা পারফর্মার বলে আলাদা হাইপ নিতে হবে, সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকতে হবে, এবং প্রটোকল নিয়ে বের হতে হবে— এগুলো মিথ মনে হয়। আমার কাছে এগুলো অপ্রয়োজনীয় এবং অপচয় লাগে," বলেন নিশো।

তিনি আরও যোগ করেন, "কেউ যদি ছবি তুলতে আসে, না চাইলে তখন বলতে হবে আমি খুব টায়ার্ড, এখন ছবি তুলতে পারছি না, বা যে কাজে এসেছি সেই কাজে সহযোগিতা করেন। আমি মনে করি, যারা আমার ফ্যান-ফলোয়ার্স, তাদের সঙ্গে আমার এই বোঝাপড়া রয়েছে।"

নিজেকে সাধারণ মানুষ হিসেবেই রাখতে চান নিশো, তবে তার কাজগুলো হোক অসাধারণ— এমনটাই তার লক্ষ্য। "আমি সবসময় চাই, মানুষ হিসেবে আমি সাধারণ থাকি, কিন্তু আমার কাজগুলো অসাধারণ হয়ে উঠুক। তাহলে হয়তো অসাধারণ পার্সোনালিটি নিয়ে দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকতে পারবো," বলেন এই জনপ্রিয় অভিনেতা।

ওয়েব সিরিজ ‘আঁকা’-তে আফরান নিশো ও নাবিলার রসায়ন কেমন হবে, তা জানতে অপেক্ষা এখন ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi