তৌসিফের হাত ভাঙল তানজিন তিশাকে কোলে তোলার চেষ্টায়

 জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের ক্যামেরার সামনে সবসময়ই থাকে হাসি-ঠাট্টা, রোমান্স কিংবা ড্রামার জাদু। কিন্তু বাস্তবের এক ঘটনায় তিনি নায়ক থেকে হয়ে উঠেছিলেন আহত যোদ্ধা। সহশিল্পী ও বন্ধু তানজিন তিশাকে কোলে তোলার চেষ্টায় ঘটে অঘটন—ভেঙে যায় তৌসিফের হাতের হাড়। এই বেদনাদায়ক অথচ হাস্যকর অভিজ্ঞতা সম্প্রতি শেয়ার করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে তৌসিফ জানান, ২০২২ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া নাটক ‘স্বাধীনতা তুমি’-এর পোস্টার শুটিংয়ের সময় ঘটে এই বিপত্তি। নাটকে তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধার চরিত্রে, আর তানজিন তিশা ছিলেন শহীদ বীরাঙ্গনা। পোস্টারের জন্য তিশার মৃত চরিত্রকে কোলে তুলতে হয়েছিল তৌসিফকে।

তৌসিফ বলেন, “পোস্টারের জন্য ওকে কোলে ২-৪ মিনিট ধরে রাখতে হয়েছিল। বিভিন্ন ফ্রেমে ছবি তোলার কারণে পুরো ওজন আমাকে নিতে হয়েছিল। তখনই চাপ পড়ে। এরপর প্রায় এক মাস বাঁ হাত দিয়ে কোনো ওজন নিতে পারিনি। রাতে ঘুমাতে গেলেও হাত ব্যথা করত।”

হেসে তিনি আরও যোগ করেন, “তিশা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তবুও ওকে ঘৃণা করি, আবার ভালোবাসিও। তবে এটুকু বলে রাখি, ওর কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।”

তৌসিফের এই মজার মন্তব্যে ভক্তরাও হাস্যরসে মেতেছেন। কেউ সহানুভূতি জানিয়ে লিখেছেন, “শিল্পের জন্য এত ত্যাগ!” আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, “বন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।” তৌসিফের এই ঘটনা দর্শকদের মাঝে হাসি আর আলোচনার ঝড় তুলেছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi