আশীষ বিদ্যার্থীর অভিনয়ে ফেরার শর্ত: মুখ্য চরিত্র না হলে নয়!

 দক্ষিণী সিনেমা ও বলিউডের জনপ্রিয় খলঅভিনেতা আশীষ বিদ্যার্থী, যিনি তার ভয়ঙ্কর চোখের চাহনি আর দাপুটে সংলাপ দিয়ে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছেন, দীর্ঘদিন ধরে রুপালি পর্দায় অনুপস্থিত। কেন তিনি হারিয়ে গেছেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজেই, সঙ্গে জুড়েছেন অভিনয়ে ফেরার জন্য একটি বিশেষ শর্ত।

সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে আশীষ বিদ্যার্থী খোলাসা করেছেন, কেন তিনি আর সিনেমায় দেখা দিচ্ছেন না এবং ভবিষ্যতে অভিনয়ে ফিরবেন কিনা। তিনি বলেন, “অনেকেই জানতে চেয়েছেন, আমি কেন এখন আর সিনেমায় নেই। সত্যি বলতে, আমি একজন ভালো অভিনেতা। কিন্তু এখন আমি এমন চরিত্রের জন্য অপেক্ষা করছি, যেগুলো আগে কখনো পাইনি। যেমন—মুখ্য চরিত্র।”

আশীষ আরও বলেন, “আমি এখনো নির্মাতা, প্রযোজক ও কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ রাখছি। আগে মুখ্য চরিত্র না পাওয়ার মানে এই নয় যে ভবিষ্যতেও পাব না। আমি এমন একটি চরিত্রের জন্য প্রস্তুত, যেখানে আমার অভিনয় দিয়ে গল্পকে এগিয়ে নিয়ে যাব।”

তিনি জোর দিয়ে বলেন, “যে মুহূর্তে উপযুক্ত চরিত্র পাব, আমি ফিরব। আমি হারিয়ে যাইনি।”

উল্লেখ্য, আশীষ বিদ্যার্থী তার ৩০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১১টি ভাষায় ৩০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘দ্রোহকাল’, ‘বাস্তব’ ও ‘হায়দার’-এর মতো সিনেমায় তার নেগেটিভ চরিত্রে অভিনয় ব্যাপক প্রশংসিত হলেও তাকে কখনো মুখ্য চরিত্রে দেখা যায়নি। এই অভিনেতার এই শর্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সিনেমাপ্রেমীদের মাঝে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi