কাকরাইলে নুরুল হক নুরের ওপর হামলা: রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, আসিফ আকবরের ক্ষোভ

 রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পালটাপালটি ধাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার জ্ঞান ফিরেছে। এই ঘটনার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।

এ ঘটনায় শুধু রাজনৈতিক মহল নয়, সাধারণ মানুষ থেকে শোবিজ অঙ্গনের তারকারাও তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার (৩০ আগস্ট) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।”

যদিও আসিফ তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি, তবে মন্তব্যের ঘরে অনেক অনুরাগী মনে করছেন, তিনি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ইঙ্গিত করেছেন। নুরের ওপর হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে আইন উপদেষ্টার বিরুদ্ধে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা এই ঘটনাকেই আসিফের স্ট্যাটাসের কারণ হিসেবে বিবেচনা করছেন।

আসিফের ফেসবুক পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। পোস্ট প্রকাশের ৭ ঘণ্টার মধ্যে প্রায় ১ লাখের বেশি রিয়েক্ট এবং ৬ হাজারেরও বেশি কমেন্ট জমা পড়েছে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নুরুল হক নুর আহত হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তার মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত, নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনা দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi