সোহেল আরমানের অভিনয়ে প্রত্যাবর্তন: ‘জল জোছনা’ নাটকে শানারেই দেবী শানুর সঙ্গে

দীর্ঘ দশ বছর পর অভিনয়ে ফিরেছেন সোহেল আরমান। তাও নিজের রচিত ও পরিচালিত ধারাবাহিক নাটক ‘জল জোছনা’র মাধ্যমে। নাটকটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। ইতোমধ্যে এই নাটকের ২৫টি পর্ব নির্মিত হয়েছে বলে জানিয়েছেন সোহেল আরমান। এই নাটকে তার বিপরীতে অভিনয় করছেন শানারেই দেবী শানু।

সোহেল আরমান এ প্রসঙ্গে বলেন, “বিটিভির পুরোনো স্টাফরা, যারা আমার আব্বা (প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেন)-কে ভীষণ সম্মান করতেন এবং আমাকেও অনেক স্নেহ করেন, তারা বারবার আমাকে অভিনয়ে ফেরার জন্য অনুরোধ করেছেন। আমি তাদের কথা দিয়েছিলাম যে অভিনয় করব। অবশেষে বিটিভির এই নাটকের মাধ্যমে ফিরছি। আমার বিশ্বাস, এই পারিবারিক গল্পের নাটক দর্শকদের মনে সাড়া ফেলবে।”

অন্যদিকে, শানারেই দেবী শানু বলেন, “সোহেল আরমান ভাই একজন অত্যন্ত গুণী নির্মাতা। সহশিল্পী হিসেবেও তিনি দারুণ। সাত-আট বছর আগে তার নির্দেশনায় এনটিভির ‘জলরং’ নাটকে অভিনয় করেছিলাম। দীর্ঘদিন পর তার নির্দেশনায় এবং তার বিপরীতে অভিনয় করে খুব ভালো লেগেছে। ‘জল জোছনা’র গল্প মানুষের মাঝে সাড়া ফেলবে বলে আমি খুবই আশাবাদী।”

এ ছাড়া, শানু নিয়মিত লেখালেখির সঙ্গেও যুক্ত। এবার তিনি তার উপন্যাস ‘বাঘ মানুষ’-এর জন্য ‘আনন্দ আলো সাহিত্য সম্মাননা’য় ভূষিত হচ্ছেন বলে জানিয়েছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi