বয়স নিয়ে কটাক্ষের শিকার মালাইকা অরোরা, ভরসা ছেলে আরহান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা সবসময়ই থাকেন আলোচনায়। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, আবার কখনো ফিটনেস—সবকিছু নিয়েই আলোচনায় থাকেন তিনি। এবার বয়স নিয়ে কটাক্ষের মুখে পড়লেন এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ৫১ বছর বয়সি মালাইকা বলেন, অনেকেই তাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন,
“কাউকে এসব কথা কীভাবে বলা যায়? মাঝেমধ্যে খারাপ লাগলেও আমি তেমন পাত্তা দিই না। এদের ভেতরে বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই। এরা শুধু আমার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বটাই দেখতে পায়।”

অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা আর বিয়ের পিঁড়িতে বসেননি। পরে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের খবরে আলোচনায় আসেন তিনি। তবে সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। বর্তমানে একাই জীবনযাপন করছেন মালাইকা। তবে শোনা যাচ্ছে, তিনি নাকি আবারও বিয়ের সিদ্ধান্ত নিতে চলেছেন।

বয়স নিয়ে কটাক্ষ তাকে ভেতরে ভেতরে আহত করে বলেও জানান মালাইকা। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন,
“আপনারা এগিয়ে যান, যা খুশি বলতে থাকুন। আমার কোনো অসুবিধা নেই।”

এই সময়ে তার সবচেয়ে বড় ভরসা ছেলে আরহান খান। মালাইকা বলেন,
“আমার ছেলে আমার অন্যতম ভরসা। ও আমাকে সবসময় বোঝায়— ‘কে কী বলছে, তাতে কী আসে যায়? তুমি কেন মন খারাপ করছ?’ ওর সান্ত্বনাই আমাকে অনুপ্রেরণা ও শক্তি জোগায়।”

নিজের সাহসী ব্যক্তিত্বের মতোই বয়সের কটাক্ষকেও উপেক্ষা করে এগিয়ে যেতে চান অভিনেত্রী মালাইকা অরোরা।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi