‘মি টু’ আন্দোলনের পথিকৃৎ তনুশ্রী দত্তের বিস্ফোরক সাক্ষাৎকার: বলিউডে হেনস্তার অভিযোগ

 ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত এক সময় বলিউডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলিউডে তার অতীত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, বলিউডে পা রাখার পর তাকে মানসিক ও শারীরিকভাবে নানাভাবে হেনস্তার শিকার হতে হয়েছে।

তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ২০০৫ সালে ‘চকোলেট’ সিনেমার শুটিংয়ের সময় তিনি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে অপ্রীতিকর আচরণের শিকার হন। তিনি বলেন, “শুটিং থাকুক বা না থাকুক, আমাকে দিনের পর দিন সাহসী শর্ট ড্রেস পরে শুটিং ফ্লোরে বসিয়ে রাখা হতো। নিজেকে ঢাকতে চাইলেও অনুমতি দেওয়া হতো না।” তিনি আরও জানান, “শর্ট স্কার্ট পরে বসে থাকতাম, পোশাক বদলাতে চাইলে বলা হতো, ‘না, শট আসছে, খুলে ফেলো।’ এভাবে আমাকে সবার সামনে বসিয়ে রাখা হতো।”

অভিনেত্রী আরও অভিযোগ করেন, একটি দৃশ্যে প্রয়োজন ছাড়াই পোশাক খুলে নাচার নির্দেশ দেন পরিচালক বিবেক। তিনি বলেন, “উনি আমাকে বললেন, ‘কাপড় খুলে নাচো।’ আমি হতবাক হয়ে যাই। তখন ইরফান খান ও সুনীল শেঠি এগিয়ে এসে আমাকে বাঁচান।”

উল্লেখ্য, তনুশ্রী দত্ত ২০১৮ সালে ভারতীয় চলচ্চিত্র জগতে ‘মি টু’ আন্দোলনের সূচনা করেন। তিনি অভিযোগ করেছিলেন, ২০০৯ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার সেটে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর তাকে যৌন হেনস্তা করেন। শুধু শারীরিক নয়, মৌখিকভাবেও তাকে অপমান করা হয় বলে জানান তিনি।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi