রাফিয়াত রশিদ মিথিলার নামের পাশে যুক্ত হলো ‘ডক্টর’ উপাধি

 জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন শুধু অভিনয়ের জন্যই নয়, একাডেমিক কৃতিত্বের জন্যও আলোচনায়। সম্প্রতি তিনি জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি থিসিস সফলভাবে সম্পন্ন করে ‘ডক্টর’ উপাধি অর্জন করেছেন। এই সাফল্যে তিনি আবেগাপ্লুত ও গর্বিত, যা তিনি নিজেই ফেসবুকে ঘোষণা করেছেন।

২৬ আগস্ট নিজের ফেসবুক পোস্টে মিথিলা এই সুখবর শেয়ার করেন। পোস্টে জেনেভা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার ছবি এবং থিসিস পেপারের একটি ছবি প্রকাশ করা হয়। তিনি লিখেছেন, “জেনেভা বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস সফলতার সঙ্গে শেষ করতে পেরে আমি আবেগে আপ্লুত এবং গর্বিত বোধ করছি। পাঁচ বছরের একটি যাত্রার সমাপ্তি হলো যা ছিল একইসঙ্গে কষ্টের ও আনন্দের। আমার জন্য এই পথ চলার অর্থ হলো নিজের ফুলটাইম ক্যারিয়ার, মাঝে মাঝে অভিনয় করা এবং পারিবারিক দায়িত্বের সাথে তাল মিলিয়ে এই ডিগ্রি অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করা।”

তিনি আরও লিখেছেন, “এই অভিজ্ঞতাটি চূড়ান্ত মাস্টারক্লাস। নিজেকে আমি কীভাবে হ্যান্ডেল করতে পারি সে সম্পর্কে গভীরভাবে বুঝতে শিখেছি। পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ঋণী, যাদের সমর্থনে আমার এই যাত্রা সহজ হয়েছে।” পোস্টের শেষে উচ্ছ্বাসের সঙ্গে তিনি বলেন, “আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে এবং গর্বের সাথে আমার নামের পাশে ‘ডক্টর’ উপাধি যুক্ত করতে পারবো। এই উপাধি অর্জনের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি।”

উল্লেখ্য, মিথিলা একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি অভিনয়েও সময় দিয়ে থাকেন। তিনি প্রায়ই বলেন, ভালোবাসা থেকেই তিনি অভিনয় করেন। সম্প্রতি মেয়ে আইরার সঙ্গে একটি প্রসাধনীর বিজ্ঞাপনে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন। মা-মেয়ের এই কাজ দর্শকদের মন জয় করেছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi