কক্সবাজারে অসুস্থ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

 সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে সরকারি সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শনিবার (১৬ আগস্ট) রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের বরাতে তিনি আপাতত আশঙ্কামুক্ত।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন সংক্রান্ত একটি কর্মশালায় অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) সরকারি সফরে কক্সবাজারে যান ফারুকী। কর্মশালা চলাকালীন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা শনিবার রাত দেড়টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান, “মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।”

কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক গণমাধ্যমকে জানান, ফুড পয়জনিংয়ের কারণে ফারুকীর ডিহাইড্রেশন হয়েছিল। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাত সাড়ে ৯টার কিছু পরে কক্সবাজার শহরের পাঁচ তারকা হোটেল ওশন প্যারাডাইস থেকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ফারুকীর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসী তার জন্য দোয়া করছেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi