সানি লিওনের মাতৃত্বের ভিন্ন পথ: দত্তক ও সারোগেসিতে তিন সন্তানের মা

বলিউড অভিনেত্রী সানি লিওন এখন তিন সন্তানের মা। তবে তার মাতৃত্বের যাত্রা অন্যদের থেকে আলাদা। তার প্রথম কন্যাসন্তান এসেছে দত্তকের মাধ্যমে, আর দুই যমজ ছেলে জন্ম নিয়েছে সারোগেসির মাধ্যমে। এ নিয়ে ভক্তদের মনে প্রশ্ন ছিল, কেন তিনি নিজে গর্ভধারণ করলেন না? সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে এর উত্তর দিয়েছেন সানি।

সোহা আলির সঞ্চালনায় পডকাস্টে সানি খোলামেলা জানান, ছোটবেলা থেকেই তার সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে ছিল। সেই ইচ্ছা থেকেই ২০১৭ সালে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে মিলে তিনি দত্তক নেন কন্যা নিশা কউর ওয়েবারকে। এরপর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের যমজ ছেলে নোয়া ও অ্যাশর।

নিজে গর্ভধারণ না করার কারণ জানিয়ে সানি বলেন, “আমি কখনোই গর্ভধারণ করতে চাইনি। আমি জানতাম, আমার জন্য মাতৃত্বের পথটা ভিন্ন হবে।” তিনি আরও জানান, সারোগেসির সময় সারোগেট মাকে প্রতি সপ্তাহে মোটা অঙ্কের টাকা দেওয়া হতো। সেই টাকায় সারোগেট মা একটি বাড়ি কিনেছেন এবং জমকালো আয়োজনে বিয়েও করেছেন।

পডকাস্টে উপস্থিত ছিলেন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো, যিনি নারীর স্বাস্থ্য ও মাতৃত্ব নিয়ে আলোচনা করেন। সানি তার বক্তব্যে বলেন, “সন্তান দত্তক, সারোগেসি বা গর্ভধারণ—যেভাবেই পরিবার তৈরি হোক, মায়ের অনুভূতি সবার জন্য এক।”

উল্লেখ্য, ২০১১ সালে সানি লিওন ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন। একসময় তারা দুজনই প্রাপ্তবয়স্ক কনটেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে সানি বলিউডে নিয়মিত অভিনয় শুরু করেন। বর্তমানে তিন সন্তানকে ঘিরেই তার সংসার ও ব্যস্ততা কেন্দ্রীভূত।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi