মাঝ-আকাশে বিপদ থেকে রক্ষা পেলেন তেলেগু অভিনেত্রী সানা মকবুল

 তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও ‘বিগ বস ৩’ খ্যাত সানা মকবুল যোধপুর থেকে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। মাঝ-আকাশে হঠাত জরুরি অবতরণের ঘোষণা শুনে তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তবে পাইলটের বিচক্ষণতার কারণে বিমানটি আহমেদাবাদে নিরাপদে জরুরি অবতরণ করে, যাত্রীরা বড় বিপদ থেকে রক্ষা পান।

সানা মকবুল তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভীতিকর অভিজ্ঞতা ভক্ত-অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “ঈশ্বরের কৃপায় সব কিছুই ঠিকঠাক হয়েছে। আমি মুম্বাইয়ের আরও একটি ফ্লাইট ধরে ফিরতে পেরেছি।” তিনি আরও বলেন, “পরিস্থিতি এত ভালোভাবে সামাল দেওয়ার জন্য আমি ইন্ডিগো টিম এবং পাইলটের কাছে কৃতজ্ঞ। আমি জানি না বিশ্বে কী ঘটছে, সব বিমানের সঙ্গে কী ঘটছে, তবে এর সমাধান আমাদের প্রয়োজন।”

উল্লেখ্য, সম্প্রতি ভারতের আকাশে বিমান বিভ্রাট ও জরুরি অবতরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে আহমেদাবাদে একটি ভয়াবহ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিরাপত্তা প্রোটোকল নিয়ে উদ্বেগ বাড়ছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi