৯ বছর পর পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী: প্রশংসায় পঞ্চমুখ সাবেক তারকা জুটি

 টালিউডের একসময়ের আলোচিত জুটি দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলীর প্রেম, ভালোবাসা, আর বিচ্ছেদের গল্প সিনেমাপ্রেমীদের কাছে কোনো গল্পের চেয়ে কম নয়। একসময় তাদের রসায়ন ছিল দর্শকদের মুগ্ধতার কারণ। কিন্তু হঠাত করেই তাদের সম্পর্কে ছন্দপতন ঘটে। এরপর কেটে গেছে প্রায় ৯ বছর। বর্তমানে শুভশ্রী প্রখ্যাত প্রযোজক রাজ চক্রবর্তী ও তাদের দুই সন্তানের সঙ্গে সুখের সংসার গড়েছেন। অন্যদিকে, দেব অভিনয়ের পাশাপাশি সংসদ সদস্য হিসেবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন।

দীর্ঘ নীরবতা ভেঙে এবার তারা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাদের অভিনীত শেষ সিনেমা ‘ধূমকেতু’ প্রায় ৯ বছর পর মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার প্রচারণাকে কেন্দ্র করে এই সাবেক তারকা জুটি আবারও সবার নজর কাড়ছেন।

একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেব তার সাবেক প্রেমিকা শুভশ্রীকে নিয়ে প্রশংসা করে বলেছেন, “আমার ওর সঙ্গে কী কথা থাকতে পারে। পাশাপাশি দাঁড়ালে কী বলব, জানি না। আমি তার কাছ থেকে কী-ই বা নেব, যা আমার কাছে নেই। আমি ওকে কী-ই বা দেব, যা ওর কাছে নেই। একটা মেয়ে হয়ে সংসার, সন্তান ও ক্যারিয়ার যেভাবে সামাল দিচ্ছে, তা প্রশংসনীয়, খুব সোজা কাজ নয়।”

দেবের এই প্রশংসার জবাবে চুপ থাকেননি শুভশ্রী। তিনি বলেন, “ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে, এমনটি নয়। তবে এত বছর পর সিনেমাটি মুক্তি পাচ্ছে, এটিই বড় বিষয়। যদিও আমি দেবকে ধন্যবাদ জানাব, আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে, প্রশংসা করেছে। আমিও বলছি, দেবও খুব ভালো কাজ করছে।” ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে এই জুটির পুনর্মিলন দর্শকদের মনে কী ধরনের প্রভাব ফেলবে, তা দেখার অপেক্ষায় টালিউডপ্রেমীরা।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi