টলিপাড়ায় গুঞ্জন: সৃজিত-সুস্মিতার প্রেম নাকি বন্ধুত্ব?

 টলিপাড়ায় এখন তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সম্পর্ক। তাঁদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি এবং ঘনিষ্ঠ মুহূর্তগুলো নিয়ে গুঞ্জনের শেষ নেই। ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে দুজনের একসঙ্গে হাজির হওয়া এবং ‘মৃগয়া’ সিনেমার সাফল্য উদযাপন পার্টিতে তাঁদের হাসি-খুনসুটি আর আড্ডার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রেমের জল্পনা আরও জোরদার হয়েছে।

তবে এই গুঞ্জনকে হেসেই উড়িয়ে দিয়েছেন সুস্মিতা। এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, “আমরা খুব ভালো বন্ধু, একান্ত কাছের। কিন্তু কেউ যদি তাতে অন্য মানে খুঁজে নেয়, সেটা তার ব্যাপার। সত্যি যদি কারও সঙ্গে প্রেম করতাম, সেটা গোপন রাখতাম। ঢাকঢোল পিটিয়ে সবার জানানো আমার স্বভাব নয়।”

সুস্মিতা আরও জানান, “একজনের সঙ্গে আমার আড়াই-তিন বছরের সম্পর্ক ছিল, সে ইন্ডাস্ট্রির কেউ না। কিন্তু কেউ কি জানত? আমি কি সেই সম্পর্ক নিয়ে ছবি দিয়েছি? বলেছি কিছু? কারণ সেটা ছিল একান্ত ব্যক্তিগত প্রেম—প্রকাশ করার মতো কিছু নয়। আর বন্ধুত্ব তো লুকিয়ে রাখার কিছু নয়!”

প্রেমের জল্পনার সূত্রপাত হয় পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ের সময়। সেখানে দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর সুস্মিতার সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ছবি নিয়ে আলোচনা শুরু। এরপর বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা, কথোপকথন, আর মজার মুহূর্তগুলো গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে সুস্মিতা বলেন, “আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি। চাকরির সুযোগ ছিল, কিন্তু ভালোবাসা থেকেই অভিনয়ে এসেছি। অনেক লড়াই করতে হচ্ছে। কে কী বলল, সেটা ভেবে চললে হবে না। এখন আমি শরমন জোশীর সঙ্গে একটা সিনেমায় কাজ করতে যাচ্ছি। কিন্তু সেটার খবর কেউ নিচ্ছে না, সবাই শুধু গসিপ খোঁজে।”

এদিকে, সৃজিতকে ঘিরে এমন আলোচনা নতুন নয়। এর আগেও তাঁর সঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীসহ একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। তাঁর স্ত্রী মিথিলার সঙ্গে সম্পর্কে টানাপোড়েন নিয়েও গুঞ্জন উঠেছিল। এমন প্রেক্ষাপটে সৃজিত-সুস্মিতার কথিত প্রেমের খবর এখন টলিপাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তবে সুস্মিতার বক্তব্যে এই সম্পর্ককে আপাতত বন্ধুত্বের সীমার মধ্যেই রাখা হয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi