টালিউড অভিনেত্রী রিয়া গাঙ্গুলীর দাম্পত্য কলহ প্রকাশ্যে: অরিন্দমের পরকীয়ার অভিযোগ

টালিউড অভিনেত্রী রিয়া গাঙ্গুলী ও তার স্বামী অরিন্দম চক্রবর্তীর দাম্পত্য কলহ এবার প্রকাশ্যে এসেছে। প্রায় আট মাস ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন চললেও সন্তানদের কথা ভেবে রিয়া এতদিন কোনো আইনি পদক্ষেপ নেননি। তবে সম্প্রতি স্বামীর পরকীয়া সম্পর্কের বিষয়ে জানতে পেরে তিনি বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রিয়া বলেন, “অরিন্দম প্রতি সপ্তাহে ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে আসত। কিন্তু গত কয়েক মাসে এটা অনেক কমে গেছে। তখনই আমার সন্দেহ হয়। এখন যা জেনেছি, তারপর বড় সিদ্ধান্ত নিতেই হবে।” অভিনেত্রীর দাবি, অরিন্দমের একজন পরকীয়া প্রেমিকা রয়েছেন, যিনি নিয়মিত তাদের দমদম ক্যান্টনমেন্টের শ্বশুরবাড়িতে যাতায়াত করেন এবং মাঝেমধ্যে সেখানে থাকেনও।

রিয়া আরও জানান, “শাশুড়ি মা অসুস্থ থাকায় নাতি-নাতনিদের দেখতে চেয়েছিলেন। তাই আমি তাদের নিয়ে সেখানে গিয়েছিলাম। তখনই জানতে পারি, অরিন্দমের প্রেমিকা নিয়মিত ওই বাড়িতে আসেন, এমনকি কখনো থেকেও যান। আমার শ্বশুরমশাই তাকে মেনেও নিয়েছেন। শোবার ঘরে সেই নারীর অনেক জিনিস দেখেছি।”

অভিনেত্রী জানান, অরিন্দম তাকে আপোষমূলক বিচ্ছেদের জন্য চাপ দিচ্ছেন। তিনি চান, ছেলেমেয়েরা তার কাছে থাকুক এবং রিয়াকে কোনো খোরপোশ না দিতে হয়। এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রিয়া। তিনি বলেন, “আমার ছেলেমেয়েকে কিছুতেই কাছছাড়া করতে পারব না। এত সহজে কী করে ছেড়ে দেব? টাকাপয়সা দরকার, তাই চেষ্টা করছি শিগগিরই ধারাবাহিকে ফিরতে পারি।”

রিয়া জোর দিয়ে বলেন, তিনি চান তার দুই সন্তান একটি সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠুক। এই ঘটনা টালিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এবং রিয়ার এই সিদ্ধান্ত নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi