কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর ডিনার ডেটে গুঞ্জনের ঝড়

 জনপ্রিয় পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম। মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে একান্তে রাতের খাবার উপভোগ করতে দেখা গেছে এই জুটিকে। এই ঘটনার পর থেকে ভক্ত ও মিডিয়া মহলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় তারা একসঙ্গে খাবার খেয়েছেন।

প্রতিবেদনে জানা গেছে, কেটি ও জাস্টিন একাধিক পদের খাবার উপভোগ করেছেন, যার মধ্যে লবস্টার ছিল অন্যতম আকর্ষণ। সঙ্গে তারা ককটেলও পান করেছেন। খাবার শেষে রেস্টুরেন্টের রান্নাঘরের কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান এই দুজন। রেস্টুরেন্টের এক প্রতিনিধি বলেন, “কেটি ও জাস্টিন দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন। তারা খুবই বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। তাদের আতিথ্য গ্রহণ আমাদের জন্য আনন্দের ছিল।”

টিএমজেড-এর প্রতিবেদন অনুযায়ী, দিনের শুরুতে কেটি ও জাস্টিনকে মন্ট্রিয়ালের মন্ট রয়্যাল পার্কে একসঙ্গে হাঁটতে দেখা গেছে। জিন্স ও টি-শার্ট পরা ট্রুডো হাসিমুখে কেটির পাশে হাঁটছিলেন, সঙ্গে ছিল কেটির পোষা কুকুর। সন্ধ্যায় তাদের আবার মন্ট্রিয়ালের টাভার্ন আটলান্টিক-এ পানীয় উপভোগ করতে দেখা যায়।

এই ডিনার ডেটের খবর এমন এক সময়ে এলো, যখন দুজনের ব্যক্তিগত জীবনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ২০২৫ সালের জুনে কেটি পেরি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রায় এক দশকের সম্পর্ক ও বাগদান ভেঙে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের চার বছর বয়সী মেয়ে ডেইজি ডাভ ব্লুমের দায়িত্ব তারা যৌথভাবে পালন করবেন। অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। তাদের তিন সন্তান—জেভিয়ার (১৭), এল্লা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়ান (১১)।

এই নতুন জুটির খবরে ভক্তরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন। তবে তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ, নাকি নতুন কোনো প্রেমের সম্পর্কের দিকে এগোচ্ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই জুটি যে ভক্ত ও মিডিয়াকে বেশ চমকে দিয়েছে, তা বলাই যায়!

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi