বলিউডে অভাবনীয় ঘটনা: প্রিমিয়ারে পরিচালকের উপর জুতা ছুঁড়লেন অভিনেত্রী রুচি গুজ্জার

বলিউডে এক অভাবনীয় ঘটনার সাক্ষী হলো সিনেমাপ্রেমীরা। গত শুক্রবার রাতে হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে অভিনেত্রী রুচি গুজ্জার পরিচালক মান সিংয়ের দিকে জুতা ছুঁড়ে মারেন। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা নিয়ে এখন চলছে তুমুল আলোচনা।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে, যখন রুচি গুজ্জার সিনেমার অন্যতম প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তোলেন। রুচির দাবি, করণ তাকে সিনেমার সহ-প্রযোজকের ক্রেডিট এবং লাভের অংশীদারিত্বের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এই প্রতারণার জের ধরেই প্রিমিয়ারে পরিচালক মান সিংয়ের মুখোমুখি হন রুচি। ক্ষোভের বশে তিনি জুতা ছুঁড়ে মারেন এবং দুজনের মধ্যে সামান্য ধাক্কাধাক্কিও হয়। উপস্থিত লোকজন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

রুচি জানান, এই আর্থিক লেনদেন ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে ঘটেছিল। করণ তাকে একটি নতুন ধারাবাহিক নির্মাণের কথা বলে প্রযোজনায় যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কয়েকটি কিস্তিতে অর্থ নিয়েছিলেন। কিন্তু রুচির অভিযোগ, সেই প্রকল্প বাস্তবায়নের কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

এই ঘটনায় রুচি ইতোমধ্যেই একটি এফআইআর দায়ের করেছেন। তিনি বলেন, এই প্রতারণার কারণে তিনি মানসিক ও আর্থিকভাবে চরম বিপর্যস্ত।

উল্লেখ্য, এর আগেও রুচি গুজ্জার খবরের শিরোনামে এসেছিলেন। কান চলচ্চিত্র উতসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখখচিত নেকলেস পরে লাল গালিচায় হেঁটে তিনি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। এই সাম্প্রতিক ঘটনা বলিউডে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে এবং তারকাদের আর্থিক লেনদেন ও পেশাদার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi