ভারতে ‘সুপারম্যান’ সিনেমার চুমুর দৃশ্যে কাঁচি, সমালোচনার ঝড়


জেমস গান পরিচালিত বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিনেমা ‘সুপারম্যান’ বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুললেও ভারতে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাঁচির কবলে পড়েছে। মাঝ আকাশে সুপারম্যান ও তাঁর প্রেমিকা লোইস লেনের চুমুর দৃশ্য বাদ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।[

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, সিবিএফসি ৩৩ সেকেন্ডের একটি চুমুর দৃশ্যসহ মোট দুটি চুম্বনের দৃশ্য বাদ দিয়েছে। এই দৃশ্যগুলোকে ‘অতিমাত্রায় যৌন উদ্দীপক’ বলে আখ্যা দিয়েছে বোর্ড। গত ৭ জুলাই ছবিটি ইউ/এ (১৩+) রেটিং পেলেও এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।[

ভারতের অনেক সিনেমায় নৃশংসতা ও নারীর প্রতি সহিংসতার দৃশ্যে ছাড়পত্র দেওয়া হলেও চুম্বনের দৃশ্যে কাঁচি চালানোয় দর্শক ও সমালোচকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ‘ফ্যামিলি ম্যান’ ও ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘যদি এটি সত্য হয়, তাহলে এটি হাস্যকর। প্রতিদিনই এমন অদ্ভুত ঘটনা ঘটছে।’ ডিজিটাল ক্রিয়েটর অমল জামওয়াল এক্সে লিখেছেন, ‘“হাউসফুল ৫” সিনেমায় ডাবল মিনিং দেখানো যায়, “জাত” সিনেমায় ভয়াবহ নৃশংসতা দেখানো যায়; কিন্তু সুপারম্যান লোইস লেনকে চুমু খেলেই সমস্যা!’[ এই প্রথম নয়, এর আগে ‘এফওয়ান’ ও ‘থান্ডারবোল্টস’ সিনেমাতেও সিবিএফসি কাঁচি চালিয়েছিল। তবে এ বিষয়ে সিবিএফসি বা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ওয়ার্নার ব্রাদার্স ও ডিসি স্টুডিওর এই ছবিটি পরিচালনা করেছেন জেমস গান। সুপারম্যানের চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেনসোয়েট, এবং লোইস লেনের ভূমিকায় রয়েছেন ‘দ্য মার্ভেলাস মিসেস ম্যাইসেল’ খ্যাত র‍্যাচেল ব্রসনাহান। ছবিটি শুধু অ্যাকশনধর্মী নয়, মানবিকতা, রাজনীতি, অভিবাসন ও নৈতিক দ্বন্দ্বের গল্পও তুলে ধরেছে।
এই কাটছাঁট সত্ত্বেও ‘সুপারম্যান’ বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তবে ভারতীয় দর্শকদের মধ্যে সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi