কান উতসবে ও বলিউডে কাস্টিং কাউচের অভিজ্ঞতা জানালেন কালকি কোয়েচলিন

 বলিউডের অনেক অভিনেত্রীই কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন, এবার সেই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী কালকি কোয়েচলিন। জুম টিভির সঙ্গে এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, কান চলচ্চিত্র উতসবে এবং বলিউডে কাজ শুরুর সময় কীভাবে তিনি আপত্তিকর প্রস্তাবের সম্মুখীন হয়েছিলেন। তিনি বলেন, বিনোদন জগতে এখনো যৌন হয়রানির ঘটনা ঘটছে, কখনো প্রচ্ছন্নভাবে, কখনো সরাসরি। এই আচরণগুলোকে অনেক সময় স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হলেও এর প্রভাব মনের গভীরে থেকে যায়।

কান উসবে আপত্তিকর প্রস্তাব
কালকি জানান, লন্ডনে পড়াশোনার সময় তিনি কান চলচ্চিত্র উতসবে অংশ নিয়েছিলেন, তখনো তিনি অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেননি। একটি মুঠোফোন ব্র্যান্ডের প্রচারে কাজ করার সময় এক ভারতীয় প্রযোজকের কাছ থেকে আপত্তিকর প্রস্তাব পান। তিনি বলেন, “ঘটনাটা কান উতসবে। আমি তখনো অভিনেত্রী নই, স্রেফ একজন শিক্ষার্থী। মুঠোফোনের প্রচারে কাজ করছিলাম। এক ভারতীয় প্রযোজক, যিনি আমার মায়ের পরিচিত কারও মাধ্যমে আমাকে চিনতেন, তাঁর ছবির প্রদর্শনীতে আমন্ত্রণ জানান। পরে ডিনারে যেতে বলেন। কাজের সুযোগ নিয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট জানান, তাঁর শয্যাসঙ্গী হতে হবে, তবেই কাজের সুযোগ মিলবে।” কালকি সাক্ষাতকারে ওই প্রযোজকের নাম উল্লেখ করেননি।

মুম্বাইয়ে অডিশনে একই অভিজ্ঞতা
কান উতসবের পর বলিউডে প্রবেশের সময়ও কালকি একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন। তিনি বলেন, “মুম্বাইয়ে একটা নামী ছবির অডিশনে গিয়েছিলাম। প্রযোজক বললেন, ‘তুমি এই ছবি করতে চাও? দারুণ। কিন্তু এটা বড় একটা সিনেমা, তাই আগে তোমাকে ভালো করে চিনতে হবে।’ মানে, আবারও সেই ডিনারের কথা, ঘুরিয়ে-ফিরিয়ে একই প্রস্তাব। আমি তখনো সাফ জানিয়ে দিই, ‘আপনার সময়ও নষ্ট করব না, আমারটাও নয়।’”

কালকির সাম্প্রতিক কাজ
সর্বশেষ কালকি কোয়েচলিন তামিল রোমান্টিক অ্যাকশন থ্রিলার ‘নেসিপ্পায়া’তে অভিনয় করেছেন, যেটি পরিচালনা করেছেন বিষ্ণু বর্ধন। ছবিতে তাঁর সঙ্গে ছিলেন আকাশ মুরলি ও আদিতি শঙ্কর। সামনে তাঁকে দেখা যাবে ইংরেজি ভাষার ছবি ‘এমা অ্যান্ড অ্যাঞ্জেল’-এ।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi