আমার ভিজিট আমৃত্যু ৩০০ টাকাই থাকবে: ডা. এজাজ

 বিশিষ্ট অভিনয়শিল্পী ও নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এজাজুল ইসলাম জানিয়েছেন, তিনি আমৃত্যু তার রোগীদের জন্য ভিজিট ফি ৩০০ টাকাই রাখবেন।
‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. এজাজের কাছে যখন জানতে চাওয়া হয়, এই উপাধি সম্পর্কে তার কেমন লাগে, তিনি বলেন, “ভালো লাগে। তবে অনেকে বলেন, আমি কেন ভিজিট ফি ৩০০ টাকার বেশি করছি না। আমার স্টাফরা এমনকি বলে, আমার জুনিয়র ডাক্তাররাও আমার চেয়ে বেশি ফি নেয়। আমি বিশেষজ্ঞ হয়েও কম ফি নিই। এতে মানুষ আমাকে সন্দেহ করবে, আমার মানসম্মান থাকবে না।”

তিনি আরও বলেন, “কিন্তু আমি এসব নিয়ে ভাবি না। আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে। এত টাকার পেছনে ছুটে কী হবে? আমি মনে করি, অপ্রয়োজনীয়ভাবে টাকার পেছনে ছোটা একটি মানসিক ব্যাধি। আমি খেতে-পরতে পারছি, চিকিতসা থেকে শুরু করে ছেলেমেয়ের লেখাপড়ার খরচও আল্লাহ চালানোর সুযোগ দিয়েছেন। আমি তো ভালো আছি। এর চেয়ে বেশি টাকার প্রয়োজন আমার মনে হয় না।”

চিকিতসার পাশাপাশি অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “‘দেনা পাওনা’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করছি। বেশ ভালো সাড়া পাচ্ছি। এ ছাড়া কিছু খণ্ডনাটকেও কাজ করছি। আগের মতো এখন অভিনয়ে ততটা ব্যস্ততা নেই। তবে অভিনয়ের মধ্যেই আছি। এটি আমার ভালোবাসা বলা যায়।”
আজ হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা। হুমায়ূন আহমেদের সঙ্গে নানান স্মৃতি স্মরণ করে তিনি এসব কথা বলেন।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi