আলিয়া ভাটের সাবেক সহকারী গ্রেফতার: ৭৭ লাখ রুপি আত্মসাতের অভিযোগে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। তার সাবেক সহকারী বেদিকা প্রকাশ শেঠি, যিনি দীর্ঘদিন ধরে আলিয়ার ব্যক্তিগত ও প্রযোজনা সংক্রান্ত আর্থিক দায়িত্ব পালন করেছেন, তার বিরুদ্ধে প্রায় ৭৭ লাখ রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বেদিকা আলিয়ার প্রযোজনা সংস্থা *ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড* এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এই বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন।

বিষয়টি প্রথমে আলিয়ার মা সোনি রাজদানের নজরে আসে। তিনি পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং অবশেষে বেঙ্গালুরু থেকে বেদিকাকে গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার তাকে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে মুম্বাইয়ের আদালতে হাজির করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেদিকা নিয়মিত জাল বিল তৈরি করে এবং ভ্রমণসহ বিভিন্ন ভুয়া খাতে খরচ দেখিয়ে আলিয়ার স্বাক্ষর নিতেন। এভাবে তিনি দুই বছরে মোট ৭৬ লাখ ৯০ হাজার রুপি আত্মসাৎ করেছেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় আলিয়া ভাট এখনো কোনো প্রকাশ্য মন্তব্য করেননি। বর্তমানে তিনি তার নতুন সিনেমা *আলফা*’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই অ্যাকশনধর্মী ছবিতে তিনি একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে আরও অভিনয় করছেন অনিল কাপুর ও ববি দেওল, এবং অতিথি চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে।

0 Comments:

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi